এই বন্যা আগ্রাসী ভারত কর্তৃক সৃষ্ট: যুবদল সভাপতি


স্মরণকালের এই বন্যা একটি আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্র ভারত কর্তৃক সৃষ্ট বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শনিবার (২৪ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আপনারা জানেন এ বন্যা একটি আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্র ভারত কর্তৃক সৃষ্ট। এ দেশের মানুষকে ভারত যে চরম আগ্রাসনের মধ্যে রেখেছে তার একটি উদাহরণ এই বন্যা। ভারতের এই আগ্রাসী মনোভাবকে মোকাবিলা করার জন্য বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন, যেন আমরা শেষ পর্যন্ত আমাদের বন্যার্তদের পাশে থাকার কার্যক্রম চালিয়ে যাই। বন্যা শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের নেতাকর্মীরা বন্যাকবলিত এলাকায় কাজ করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমি সকালে কুমিল্লাতে ছিলাম। কুমিল্লা থেকে নোয়াখালীর সোনাইমুড়ীতে আসলাম। সেখানে দুশ পরিবারের জন্য আমরা শুকনো খাবার দিয়েছিলাম। এখানে একহাজার পরিবারের জন্য আমাদের নেতারা খাবারের ব্যবস্থা করেছে। আমরা মাইজদীতে এক হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি। তাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন যোগাযোগ ছিল। শুরু থেকেই আমরা রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের এই কার্যক্রম বন্যা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবো।’
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, নোয়াখালী জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।





