সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন


কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশের সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জিওর মন্দিরের সামনে সনাতনধর্মাম্বলীরা বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন।
স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হামলা, আক্রমনের শিকার হবে, এমন প্রশ্নের জবাব চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শেষে মানববন্ধন করেন কুষ্টিয়ার সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে, বাংলাদেশে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তারা।
এতে যোগ দেন জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতনী মানুষ। মানববন্ধনে সারাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা জানান অংশগ্রহণকারী সনাতন ধর্মালম্বীরা।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির, হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না। এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বক্তারা দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধের দাবি ও একই সঙ্গে এই সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।





