কুষ্টিয়া

কুষ্টিয়া মডেল থানার ওসিকে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহফুজুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওসি মাহফুজুল হক চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত থানা ও তাঁর বাসভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবস্থা পরিদর্শন করতে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ

গত৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায় আন্দোলনের সময় দুর্বৃত্তরা কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে ৭ আগস্ট দিনব্যাপী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা থানার ময়লা আবর্জনা পরিষ্কার করেন।

পুলিশকে পুনরায় থানায় এসে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান শিক্ষার্থীরা। সেই আহ্বানে সাড়া দিয়ে ওসি থানা পরিদর্শনে যান।

এ সময় উপস্থিত থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, পুলিশ আমাদের পরম বন্ধু। এই ধ্বংসযজ্ঞ কোনো কিশোর গ্যাং দুর্বৃত্তদের কাজ হতে পারে। আবার ১৫ বছরের যে আক্রোশ, তার ক্ষোভের জায়গা থেকেও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এমন ধ্বংসযজ্ঞ চালালে সাধারণ মানুষ ভয়ে থাকবে। এই জন্য কিন্তু আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন করি নাই। গত ১৫ বছরে সাধারণ মানুষ আওয়ামী লীগের কাছে জিম্মিদশায় ছিল। এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু বাকস্বাধীনতা পেয়েছে। এরপর আর অন্য কোনো দল এই জিম্মিদশা করতে পারবে না।

সম্বনয়ক আরো বলেন, ৫ আগস্ট আন্দোলন চলাকালীন তৃতীয় কোনো পক্ষ থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবন ভাঙচুর করেছে এবং পুড়িয়ে দিয়েছে। ফলে অস্ত্র, গোলাবারুদ, আসবাবসহ সরকারি নথিপত্র পুড়ে গেছে।সেনাবাহিনীর পাশাপাশি যদি পুলিশও মাঠে থাকত তাহলে জনগণের জানমালের নিরাপত্তা থাকত। আমরা পুলিশদের পুনরায় থানায় ফিরে আসার আহ্বান জানিয়েছি। নতুন করে বরণ করে নিয়েছি।

এসময় কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিতভাবে কুষ্টিয়া মডেল থানা, সার্কেল অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মূলত এর পর থেকেই পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। বর্তমানে সব জায়গায় এই সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেছে।

ওসি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কেরা আমাদের পুনরায় থানা পরিচালনা করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে আমাদের নিরাপত্তা নিশ্চিতসহ ১১দফা দাবি আদায়ের আন্দোলন চলছে। সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে আমরা আবারও থানায় ফিরে আসব।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সুজন মাহমুদ, সাব্বির হোসেন, তুহিন হোসেন, রাইসুল আহমেদ, সাঈদ আহম্মেদ শ্রেষ্ঠ, রাফিউল ইসলাম রোজ, আব্দুল কাদের মুন্না, মোস্তাফিজুর রহমান, ফরিদ হোসেন, আবু সাঈদ, সাজেদুর রহমান বিপুল, আলমাজ হোসেন মামুন, চাঁদ পরামানিক, আক্তারুজ্জামান চন্টু সহ অনেক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ