মোংলা বন্দর পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান


সুমন,স্টাফ রিপোর্টারঃ সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছ। দেশের মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এবং যেকোনও নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে বলেও জানান।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মোংলা বন্দর পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘সকলের গর্ব পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রপতানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে।’
সকলের সহযোগিতা পেলে দেশের চলমান পরিস্থিতি থেকে খুব শিগগিরই উত্তরণ এবং দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান ও খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা।





