শিক্ষার্থীদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খুলনা মহানগরীর বিভিন্ন সরকারি – বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ১৬ জুলাই মঙ্গল বার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ব্রজলাল কলেজ ( বি,এল, কলেজ ) , হাজী মুহাম্মাদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই আমরা ঘরে ফিরে যাব ।”





