গাইবান্ধা

ত্রাণের আশায় তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে বানভাসিরা!

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: পহেলা আষাঢ় থেকে টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট প্লাবনে নাকাল হয়ে পড়েছেন তিস্তার দুই কূলের অধিবাসীদের জীবন। অধিকাংশ বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় খাওয়া-দাওয়া নিয়ে বড্ড বিপদে পড়েছেন তারা। তাই তো কেউ ত্রানসামগ্রী নিয়ে আসবে বলে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা পাড়ের দুর্দশাগ্রস্ত মানুষেরা।

সোমবার (৮জুলাই) দিনভর সরজমিন ঘুরে দেখা গেছে, সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব ধারের গ্রামগুলোসহ তিস্তার দুই পাড়ের বিস্তৃত এলাকা বৃষ্টি ও বন্যার জলে থইথই করছে। যদিও রোববার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে, তবুও চারদিকে শুধু পানি আর পানি। মাঝখানে থাকা বাড়ি ও পাড়াগুলো এখনো দ্বীপের মতো ভাসছে।

গত শনিবার এবং রোববারেও পানি বাড়ায় পথঘাট ডুবে যাতায়াতের পথ রুদ্ধ হয়ে পড়েছে বানভাসিদের। ভরসা একমাত্র নৌকা কিংবা ভেলা। কোথাও হাঁটুপানি, কোথাওবা কোমরপানি, আবার কোথাওবা বুকপানি থাকায় রান্না করারও জো নেই অনেকের। কখনো একবেলা আহার জুটলেও জুটছে না আরেক বেলা। অনেককেই শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিতে হচ্ছে দিনরাত। টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পরিবার-পরিজন ও হাঁস, মুরগি এবং গবাদিপশু নিয়ে মহাবিপদে পড়েছেন বানভাসিরা।

এ অবস্থায় ত্রাণের আশায় তিস্তার দুই তীরে অপেক্ষমাণ থাকতে দেখা যায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের। কেউবা গামলা, কেউবা বালতি, কেউবা পাতিল আবার কেউবা ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছেন দুর্দশা লাঘবে নৌকা ভরে ত্রাণ নিয়ে আসবে বলে। নৌকা কিনারে আসতে দেখলে পানিতেও নামছেন কেউ কেউ।

ওদিকে, বানভাসিদের দুর্দশা লাঘবে বসে নেই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মোহসীন সর্দার। যদিও এখনও দায়িত্ব পাননি তিনি, তবুও নিজ অর্থে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের।

কাপাসিয়া ইউনিয়নের লালচামার ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কছিম বাজার, কাজিয়ার চর, চর উজানবুরাইল, বাদামের চরসহ কয়েকটি স্থানে প্রায় দুই হাজার মানুষকে দিয়েছেন ত্রাণ সহায়তা। সাথে ত্রাণ দিয়েছে ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামও। তারাও ৩০৫ জনকে দিয়েছেন চাল, তেল, লবণ ও ডাল।
অন্যদিকে, গাইবান্ধা-১ আসনের এমপি নাহিদ নিগার সাগর অংশ নিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া ত্রাণ কার্যক্রমে। সেখানেও ৮শ মানুষের মাঝে বিতরণ করা হয় জিআর চাল ও শুকনো খাবার।

এই বিভাগের আরও সংবাদ