মোংলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত


সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়েই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
আজ রবিবার(০৭জুলাই)বিকাল ৩টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ব্রাহ্মণমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রথের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাগেরহাট -৩ আসনের মাননীয় এমপি বেগম হাবিবুন নাহার।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।
এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।রথের শোভাযাত্রাটি ব্রাহ্মণমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে উপজেলার শেলাবুনিয়া বটতলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের শতশত সব বয়সী নারী-পুরুষ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেয়।এসময়ে সকলে নাচে গানে মেতে উঠেন।
এসময়ে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার দে ,মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,ইউপি সদস্য নিউটন ডাকুয়া শান্তসহ আরো অনেকে।





