দুর্গাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও লাইসেন্স না থাকায় ৩ জনকে জরিমানা


রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও দোকানে মাছের খাদ্য বিক্রির ক্ষেত্রে লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার ঝানঝাইল বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার,দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি টিম৷
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,ঝানঝাইল বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ধারায় ১ হাজার টাকা। অন্য একটি দোকানে মাছের খাদ্য বিক্রির ক্ষেত্রে লাইসেন্স না থাকার মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





