নেত্রকোনা

সাদামাটির পাহাড়ে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: গাজীপুর থেকে পরিবারের সঙ্গে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসলে নেমেছিল। গোসল সেরে অন্যরা তীরে উঠে এলেও পানির নিচে তলিয়ে যায় পর্যটক সুমন মিয়া (২১)। খোঁজাখোঁজির আধা ঘণ্টা পর পাওয়া গেল তার নিথর দেহ।

রবিবার (০২ জুন) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকার সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে,পরিবারের সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড় ঘুরতে এসেছিল সুমন। প্রায় ২৫ জনের মতো লোকজন ছিল তাঁরা। রবিবার দুপুরের দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নেমেছিল সুমনসহ আরো কয়েকজন। সাঁতার না পারায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সুমন। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করে তাঁর সঙ্গে পানিতে নামা লোকজন। পরে সুমনকে খোঁজখোঁজির শুরু করলে আধাঘন্টা পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম জানান, পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে তাঁকে আমরা মৃত পায়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান,হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও সংবাদ