সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন


সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন?
মানববন্ধনে বক্তরা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বো-কে সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ অন্যান্য শাস্তি নেওয়ার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করে সংবাদকর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে কয়েকজন শিল্পীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালায় এফডিসির কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, ক্যামেরাপারসন, ইউটিউবারসহ ২০ জনের মতো আহত হন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মানববন্ধনে সাংবাদিক আলী আজীম’র সঞ্চালনায় ও সাংবাদিক কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে মোংলায় কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।





