নীলফামারী

শেষ সময়ে জমেছে নীলফামারীর ঈদ কেনাকাটা

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীতে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার৷ পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে ক্রেতাদের পদচারণায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মুখর থাকছে মার্কেট, শপিংমলগুলোতে। ফুটপাতেও ধুম লেগেছে কেনাকাটার। সাধ আর সাধ্যের সমন্বয়ে ক্রেতারা কিনছেন পোশাক, জুতা, অলঙ্কার ও কসমেটিকসসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র। এদিকে পিছিয়ে নেই আতর, টুপি, জায়নামাজ ও সুরমা কেনাবেচাতেও।

মঙ্গলবার (৯ এপ্রিল) নীলফামারীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো ঘুরে দেখা যায়, বেচাকেনায় জমজমাট ঈদের বাজার। শেষ মুহুর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ- ‘অন্যান্য বছরের তুলনায় এবার পণ্যর দাম বেশি। এবার সবকিছুর দাম প্রায় দ্বিগুন জামা-কাপড়, জুতার এতটাই দাম যে, বাচ্চাদের কেনাকাটা করতেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এবারের ঈদে জামা-কাপড় কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।’

সুপার মার্কেটে কেনাকাটা করতে এসে নীলফামারী সরকারি কলেজর শিক্ষার্থী রিমা আক্তার বলেন, ‘সবকিছুরই দাম খুব বেশি চাওয়া হচ্ছে। কয়েক মাস আগেও যে থ্রি-পিস কিনেছি ১৬০০ টাকায় সেই থ্রি-পিসই এখন চাচ্ছে ২৪০০ টাকা। এভাবে সব জিনিসপত্রের দাম বাড়ালে কেনাকাটা করব কিভাবে।’

নীলফামারীর বড় বাজারে কেনাকাটা করতে আসা রাইসুল ইসলাম বলেন, ‘একটি পাঞ্জাবি কিনেছি। এখন একটি প্যান্ট কিনবো, কিন্তু যে দাম শেষ পর্যন্ত কিনতে পারবো কিনা, তার ঠিক নেই। কারণ, অন্য সময়ে যে প্যান্টের দাম থাকে ৮০০ টাকা তা এখন চাইছে ১৬০০ টাকা। এইটা কোন কথা বলেন? এত বাজেট তো নেই।’

নীলফামারীর প্রিয় শপে কেনাকাটা করতে আশা ইয়াসমিন বেগম বলেন, ‘আমাদের ক্রয় ক্ষমতার বাইরে বাজার। তারপরও সন্তানের আবদার মেটাতে তার প্রিয় পোষাক কিনে দিলাম। তবে সবার জন্য হয়তো কেনাকাটা করা হবে না।’

ব্যবসায়ীরা বলছেন, ‘এবার পণ্যের দাম কিছুটা বেশি কারণ গতবারের তুলনায় আমরাও দাম দিয়ে ক্রয় করেছি। কেননা সব ধরনের জিনিসপত্রের দাম অনেক বেশি। এদিকে রমজান মাসজুড়ে ঈদের কেনাকাটা থাকলেও এখন এই শেষ মুহুর্তে মূলত উপচে পড়া ভিড় হয় প্রতিবারই। এবারও তাই হয়েছে। সময় যতই গড়াচ্ছে, ততই বাড়ছে বেচাবিক্রি। আশারাখি, চাঁদ রাত পর্যন্ত এভাবেই জমজমাট বেচাকেনা চলবে।’

নীলফামারীর সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী শাহিনুর ইসলাম জানান, ‘গত তিন মাস আগে যে কাপড় ৮০০ থেকে হাজার টাকায় পাইকারি কিনেছি, সেগুলো ঈদ উপলক্ষে আমাদের কিনতে হয়েছে ১২০০-১৪০০ টাকায়। এতে বাধ্য হয়েই বেশি দামে জামা-কাপড় বিক্রি করতে হচ্ছে। আমরা দামে কিনে সব খরছ সহ একটু দামেই বিক্রি করতে হচ্ছে আমাদের খরচ বাদে ১০০-২০০ টাকা লাভ তো থাকতে হবে না হলে আমরা চলব কিভাবে। দাম বেশি হওয়ায় ক্রেতারা দেখে শোনে, কিছুটা সময় নিয়ে কেনাকাটা করছেন।’

বেচাবিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ফুরাদ মন্ডল বলেন, ‘বেচাকেনা গত বছরের তুলনায় অনেক কম। মানুষজনের কাছে টাকাপয়সা হয়তো কম।’

নীলফামারী বড় বাজারের ব্যবসায়ী মোকবুল হোসেন মাজু বলেন, ‘ঈদের শেষ সময়ে বেচাকেনার চাপ আরও কয়েকগুণ বেড়েছে। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় নারী ও ছোট শিশুদের। নারী ও ছোট শিশুদের জামা কাপড় বেশি বিক্রি হচ্ছে।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা বেড়ে গেছে। আমাদের প্রশাসনের ১০টি টিম মাঠে কাজ করছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের কেনাকাটায় শপিংমল ও মার্কেটগুলোতে নারী হয়রানি ও ইভটিজিং রোধে বিপুলসংখ্যক মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এই বিভাগের আরও সংবাদ