ব্রাহ্মণবাড়িয়া
আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


তিতাসে মো. মোস্তফা কামাল মুন্সী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরও দুইজন আহত হন বলে জানা যায়। উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে সোমবার বিকাল ৪টার দিকে হত্যাকাণ্ডটি ঘটেছে।
মোস্তফা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস জানান, পূর্ব বিরোধের জেরে মোস্তফা কামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান ওসি।





