কুষ্টিয়া

কোন পরাশক্তি আওয়ামী লীগকে উৎখাত করতে পারবে না: দৌলতপুরে বাদশা এমপি

কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ’র সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলি দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, আওয়ামী লীগ নেতা সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ও মধুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু। এছাড়াও সমাবেশ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, আজকের এ সমাবেশ স্বতঃস্ফূর্ত সর্বস্তরের জনতার সমাবেশ। আওয়ামী লীগের এ সমাবেশ কোন ভাড়ায় চালিত নেতাদের নিয়ে সমাবেশ নয়। এ সমাবেশ কোন টাকা দিয়ে হায়ার করে বিভিন্ন উপজেলার লোক নিয়ে আসা সমাবেশ নয়। এই সমাবেশ ভালোবাসার সমাবেশ। এই সমাবেশ দৌলতপুর আওয়ামী লীগের আদর্শবান নেতা-কর্মীদের সমাবেশ। এই সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের সমাবেশ।

তিনি বলেন, আওয়ামী লীগ কচুর পাতার পানি না যে, ঠেলা দিয়ে নৌকা থেকে নামিয়ে দিবেন। এদেশে একটি সংবিধান আছে সেই সংবিধান অনুসারে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন অনির্বাচিত সরকারে আন্ডারে নয়।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন প্রধানমন্ত্রী বাংলার দুঃখী মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ম্যান্ডেট দিবে যে দলের প্রতি রায় দিবে শেখ হাসিনা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিরোধী দলের আসনে ফিরে আসবে। এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ গ্রেনেড হামলা করেনা, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে না। বাংলাদেশের মানুষকে ঝুঁকির মুখে ফেলে দেয়না। আওয়ামী লীগ আছে বলেই আজকে দেশে উন্নয়ন হয়েছে, মেট্রোরেল, এয়ারপোর্টে থার্ড টার্মিনাল, বঙ্গবন্ধু টানেল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দেশের বড় বড় রাস্তাগুলি চার লেনে রূপান্তরিত হয়েছে, কৃষিক্ষেত্র মৎস্যক্ষেত্র, শিল্পক্ষেত্র সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে এই আওয়ামী লীগ সরকারের জন্য। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের জন্য কোন উন্নয়ন করে নাই। জনগণের চাওয়া পাওয়া পুরন করে নাই৷ বিএনপির পুরনো অভ্যাস আগুন সন্ত্রাস, মানুষ হত্যা। তারা বার বার দেশে অরাজকতা সৃষ্টি করছে। এসব করে কোন লাভ হবে না। বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দেশের জনগনই যথেষ্ট। আওয়ামী লীগ জনমানুষের দল, আমরা যারা আওয়ামী লীগ করি তারা জীবন দিয়ে হলেও জনগণের নিরাপত্তায় পাশে থাকবো। কোন পরাশক্তি আওয়ামী লীগকে উৎখাত করতে পারবে না।

তিনি উল্লেখ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। তাদের অপশক্তিকে মোকাবিলা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামাত বার বার দেশে হরতাল সহ অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। দেশের উন্নয়নে কেউ বাধা প্রধান করলে তাকে রাজপথে জবাব দেওয়া হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, তারা নির্বাচনে না এসে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ক্ষমতায় আসতে চাই। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। দেশের উন্নয়নে জনগণের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে।

এমপি বাদশাহ বলেন, আমাদের মাঝে একটি ক্ষোভের জন্ম হয়েছে, একটি শক্তির জন্ম হয়েছে যারা নেত্রীর নির্দেশনা মানেনা। তাদের কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে দিবেনা আওয়ামী লীগ।

এই বিভাগের আরও সংবাদ