ফুটবল

একদিনেই হারালেন ২ লাখ অনুসারী নেইমার!

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকা ফুটবলারদের মধ্যে একজন ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে প্রেমিকার বিশ্বাস ভেঙে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। পরে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এতে একদিনে ইনস্টাগ্রামে ২ লাখ ১০ হাজার অনুসারী হারিয়েছেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘ক্রাউডট্যাঙ্গেল’ জানিয়েছে, নেইমার সেই চিঠি পোস্ট করার পর অনেক তারকা ফুটবলারের সমর্থনই পেয়েছেন। কিন্তু অনুসারীর সংখ্যাও হারিয়েছেন বেশ ভালো পরিমাণের।

এই বিভাগের আরও সংবাদ

প্রতিষ্ঠানটির হিসাবে, ৭৮ হাজারের কিছু বেশি অনুসারী হারিয়েছেন নেইমার। চিঠিটি পোস্ট করার আগে ইনস্টাগ্রামে নেইমারের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ২ লাখ ১০ হাজার। কাল পর্যন্ত অনুসারীসংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ১ লাখ ৪০ হাজার।

আজ নেইমারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে বোঝা গেল, অনুসারীর সংখ্যা আরও কমেছে। তার অনুসারীর সংখ্যা এখন ২১ কোটি। অর্থাৎ এক দিনের ব্যবধানে ২ লাখ ১০ হাজার অনুসারী কমেছে পিএসজির এই ব্রাজিলিয়ান তারকার। সামনে সংখ্যাটা যে আরও কমবে, তা বলাই বাহুল্য।

জানা গেছে, ফুটবলারদের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় তৃতীয় নেইমার। ৫৯ কোটি ২০ লাখ অনুসারী নিয়ে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৭ কোটি ৪০ লাখ অনুসারী নিয়ে দুইয়ে লিওনেল মেসি।

নেইমারের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পোস্টে লাইক সংখ্যা ১ কোটি ২১ লাখের বেশি। মন্তব্য ১৮৬টি। সেখানে অনেক তারকা ফুটবলারই নেইমারের প্রতি সমর্থন জানিয়েছেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও তেম্পো’ জানিয়েছে, নেইমারের সব পোস্টের মধ্যে তার সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির প্রতি ক্ষমা চেয়ে লেখা খোলা পোস্টে লাইক সংখ্যা সবচেয়ে বেশি।

গত মঙ্গলবার ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস নেইমারকে নিয়ে একটি গুঞ্জনের কথা জানান। ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার।

বাস্তোস আরও দাবি করেন, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা বিয়ানকার্দি এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন।

এরপর ইনস্টাগ্রামে খোলাচিঠি আকারে আলোচিত ওই পোস্ট করেন নেইমার। প্রেমিকা বিয়ানকার্দির সঙ্গে তিনি যে ঠিক কাজ করেননি, সেটাই স্বীকার করেছেন চিঠিতে তিনি লেখেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি ও সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছো এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

ব্রুনার কাছে সরাসরি ক্ষমা চেয়ে নেইমার বলেন, ‘ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না।’

নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তার ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিক সুলভ, ‘এটাই…আমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।’

প্রসঙ্গত, গত এপ্রিলে জানা গিয়েছিল, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেয়া-নেয়া শুরু। পরের বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা জানান নেইমার। যদিও গত আগস্টেই একবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের। কিন্তু ভালোবাসার টানে পরে দুজনে ফিরে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল, এ বছরের শুরুতে নতুন করে প্রেম শুরু করেন নেইমার ও ব্রুনা।

এই বিভাগের আরও সংবাদ