শ্রীনগরে ড্রেজার ও স্ক্যাভেটর অপসারণ, জরিমানা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া ও পুর্ব-মুন্সীয়া বিল এলাকা থেকে অবৈধ ড্রেজার ও স্ক্যাভেটর (ভেক্যু) মেশিন অপসারণ করা হয়েছে। অবৈধভাবে ফসলী জমির মাটি কাটা ও ভরাটের অপরাধে ৩ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
এর আগে গত ৪-৫ জুন বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে “শ্রীনগরে কৃষি জমি কাটার মহোৎসব” শিরোনামে সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় (২২ জুন ২০২৩ খ্রীঃ) বৃহস্পতিবার দুপুরের দিকে কুকুটিয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক।
অভিযান চলাকালীন সময় ড্রেজার ব্যবসায়ী পশ্চিম নওপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনসহ ৩ ব্যক্তিকে মোট ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় শ্রীনগর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অবৈধ ড্রজার বাণিজ্যে ফসলী জমি কাটার পাশাপাশি বিভিন্ন জলাশয় ও কৃষি জমি ভরাট করা হচ্ছিল।
অপরদিকে এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা-পাকা সড়ক কেটে ও ছিদ্র করে ড্রেজার পাইপ লাইনের সংযোগ এবং সড়কের ওপর দিয়ে মাটি কাটার এসব ভাড়ি (যন্ত্র) ভেক্যু চালিয়ে আনা নেওয়ার ফলে গ্রামীন রাস্তাঘাট বেহাল করা হচ্ছিল। অবৈধ ড্রেজার ও মাটি কাটার এসব যন্ত্র অপসারণ করায় উপজেলা প্রসাশনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানান, ৪টি ড্রেজার ও ৫টি মাটি কাটার যন্ত্র (ভেক্যু) অপসারণ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। উপজেলায় ফসলি জমি, জলাশয়, রাস্তাঘাট এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



