নেত্রকোণায় পরিবেশ অধিদপ্তরের অভিযান


নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা ব্রাক অফিস সংলগ্ন শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ দুটি ট্রাক ও দুটি বাস চালককে ০৪টি মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ করা হয়।
অপারদিকে, নেত্রকোণা সাতপাই রেলক্রসিং বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে এক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক তিন কেজির মতো নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও এক হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। নিষিদ্ধ পলিথিন ও শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। নেত্রকোণা জেলার আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।





