আইন ও আদালত

আগাম জামিন পেলেন বিএনপির ৫৬ নেতাকর্মী

বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য ও কাজে বাধা এবং নাশকতার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী থানায় করা মামলায় ৫৬ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আসামিদের এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ সেলিম মিয়া।

আদেশের পর আসামি পক্ষের আইনজীবী কায়সার কামাল বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে পুলিশের কর্তব্য ও কাজে বাধা এবং নাশকতার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা শতাধিক মামলা দায়ের করেন।’

তিনি বলেন, ‘এর মধ্যে আজ জামালপুরের সরিষাবাড়ী থানায় করা মামলায় ৫৬ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’

এই বিভাগের আরও সংবাদ