মদনে আমন ধানের বাম্পার ফলন


দেওয়ান রানা মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার মদন উপজেলায় আমন ফসলের হয়েছে বাম্পার ফলন।
বিভিন্ন হাওরে সরেজমিনে গেলে দেখা যায় কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। নতুন ধানের গন্ধে চারিদিক মৌ মৌ করছে। কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই, সিদ্ধ দেওয়া ও গোলায় ধান তোলার ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে চাঁনগাও ইউনিয়নের কৃষক মো: জসীম উদ্দিন জানান, চলতি আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল রোপনে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।
অন্য কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর ফসল ভালো হয়েছে ঠিকই কিন্তু সার, কেরোসিন, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসার চলছে না। তারা আরো বলেন, আমারা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মণ প্রতি ১৫০০ টাকা করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য। এতে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হবে।
মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের বিভিন্ন বিষয়ের পরামর্শ দিয়ে যাচ্ছি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৯০ হেক্টর জমি কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ হয়েছে ১০৫৫০ হেক্টর জমি। আশা করছি চলতি মৌসুমে উৎপাদিত ধান হতে প্রায় ৪২,২০০ মেট্রিক টন চাল পাওয়া যাবে।





