কমলনগরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় মনির হোসেন (২২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) রাত ৮টার সময় রামগতি-লক্ষ্মীপুর সড়কের পরান হাজী জামে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু চরলরেন্স থেকে হাজিরহাট যাওয়ার পথে পরান হাজী জামে মসজিদের পাশে সড়কের উপরে রোডস এন্ড হাইওয়ের কাজের জন্য রাখা বালি ও পাথরের কণার সাথে স্লিপ খেয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল চালকসহ দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব সাহা চালক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরেক জন আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহত মনির হোসেন চরলরেন্স ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কোরবান আলীর ছেলে। স্থানীয় চর লরেন্স ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন সড়ক দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



