রাজনীতি

সরকার-প্রশাসন একাকার হয়ে গেছে: রিজভী

সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের ‘কটূক্তির’ প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শংকর এলাকায় প্রতিবাদ মিছিল শেষে রিজভী এসব কথা বলেন। মিছিলটি রাজধানীর শংকর এলাকা থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্য নিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সম্প্রতি এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে জড়িয়ে ‘কটূক্তি’ করেন বলে অভিযোগ বিএনপি নেতাদের।

‘কমিশনারের কটূক্তি’র প্রতিবাদ জানিয়ে আসছেন বিএনপি নেতারা। ডিএমপি কমিশনারের বক্তব্যকে ‘ন্যাক্কারজনক’ দাবি করে রিজভী বলেন, পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেন তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? বেগম জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।

বিক্ষোভ মিছিলে জাসাস মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শওকত আজিজ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, জামাল হোসেন টুয়েলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ