বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার বাদ যোহর ও ১৮ মার্চ ২০২২ শুক্রবার বাদ জুমআ’ দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ বিশেষ মসজিদসমূহে কোরআন খতম ও বিশেষ দোয়া: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, রাজশাহীর হেতেম খাঁ জামে মসজিদ ও নবনির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।।
মাঠ পর্যায়ের সকল অফিসে কোরআন খতম ও বিশেষ দোয়া: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ ২০২২ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে ও ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষাকেন্দ্রে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান: ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র, বায়তুল মুকাররম ডায়াগনস্টিক সেন্টার, ঝালকাঠি ইসলামিক মিশন হাসপাতাল ও ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবাসহ ঔষধ প্রদান করা হবে।
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, আলিয়া, কওমি ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



