জাতীয়

বিদেশে থাকা ব্যক্তিরা সম্পদ হস্তান্তরে মরিয়া

ছাত্র-জনতার গণঅভুথ্যানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সেই সরকারের সামরিক ও বেসামরিক সুবিধাভোগীরা পরিবারসহ বিদেশে পালিয়ে যায়। হঠ্যাৎ ক্ষমতার এমন পালাবদলে বাংলাদেশে থাকা সম্পদের ব্যবস্থাপনা নির্ধারণ করে যেতে পারেননি তারা। এখন বিদেশ থেকে দেশে থাকা সম্পদ হস্তান্তরে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের এসব ঘনিষ্ঠজনরা। পালিয়ে থাকা অনেকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্পদ হস্তান্তরে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিকের ওপর আবেদন জমা পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বিদেশে বাংলাদেশের থাকা বিভিন্ন মিশনে সামরিক ও বেসামরিক ব্যাক্তিদের পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা আসা শুরু করে। এ তালিকায় যেমন নাম রয়েছে সামিট গ্রুপের কর্নধারদের। একই সঙ্গে উঠে এসেছে ছাগলকাণ্ডের বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে কানাডাপ্রবাসী ফারজানা রহমান ইপ্সিতাসহ আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য,মন্ত্রী পরিষদের সাবেক সচিব, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক প্রধান, রাষ্ট্রদূত, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সাবেক প্রধান, আইনজীবী, অভিনয় শিল্পি, ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের নাম।

সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আমমোক্তারনামার আবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থ পাচার, হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত সিংহভাগ অভিযুক্তরা পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় পেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এ ছাড়া কিছু আবেদন এসেছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, কানাডা এবং থাইল্যান্ড থেকে। আবেদনকারীদের সিংহভাগই এসব দেশের দ্বৈত নাগরিক। জুলাই অভ্যুত্থানের পর তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বর্তমানে দেশে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে আবারও বিশাল অংকের অর্থ পাচারের সম্ভাবনা রয়েছে।

বেশ কিছু আমমোক্তারনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আমমোক্তারনামা যাদের নামে দেয়া হয়েছে, সম্পত্তি ব্যবস্থাপনায় আবেদনকারীরা তাদের সম্পূর্ণ অধিকার দিয়েছে। এর মধ্য দিয়ে আমমোক্তারনামা গ্রহীতা এসব সম্পত্তি দেখভাল, বিনিময়, হস্তান্তর বা বিক্রিও করতে পারবে।

এদিকে বিদেশে অর্থ পাচার প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। গত বছরের জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিগত সময়ে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলা রয়েছে, তারা সক্রিয় হয়ে উঠেছে।

অভিযুক্ত বিভিন্ন ব্যাক্তিরা বিদেশে অবস্থান করে তাদের অবৈধভাবে অর্জিত অর্থসম্পদ বিদেশ পাচারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের অনেকেরই বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে উপস্থিত হয়ে আমমোক্তারনামার মাধ্যমে তাদের দেশে থাকা সম্পত্তি ও অর্থ হস্তান্তরের চেষ্টা করছে।

বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোর কাছে এ বিষয়ে হালনাগাদ তথ্যের অপ্রতুলতার কারণে এসব অপরাধীদের আমমোক্তারনামার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ থেকে যায়। এ অবস্থায় বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং দেশে এ সম্পর্কিত চলমান বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যাক্তিদের একটি হালনাগাদ তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কাছে থাকা প্রয়োজন। এ কারণে এ সংক্রান্ত চলমান কোনো মামলায় বিচারাধীন ব্যাক্তিদের একটি হালনাগাদ তালিকা অনতিবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠাতে চিঠিতে অনুরোধ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমমোক্তারনামার আবেদনগুলো আসতে শুরু করে অন্তর্বর্তী সরকারের সময় থেকে। তবে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর বিদেশে থাকা এসব ব্যক্তিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাদের আমমোক্তারনামা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত তদবির আসছে। তদবিরকারিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠিত সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ সমাজের উচুস্তরের ব্যাক্তি। বিগত আমলগুলোতে বাংলাদেশ থেকে বিশাল অংকের অর্থ ইতোমধ্যে বিদেশে পাচার হয়েছে। আবারও অর্থ পাচারের ক্ষেত্র তৈরি হচ্ছে। তবে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছে। বাকি বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

আমমোক্তারনামা আবেদনের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- সামিট গ্রুপের আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আয়েশা আজিজ খন্দকার, আজিজা আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফরিদ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের মেয়ে নুসরাত আহমেদ, নিহাদ আহমেদ ও তাহসিন ইমাম; পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও রেস অ্যাসেট ম্যানেজমেন্টের মালিক চৌধুরী নাফিস সরাফাত এবং স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও তার ছেলে রাহিব সাফওয়ান সরাফত চৌধুরী, রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমাম; সাবেক হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিমের স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী ও পরিবারের অন্য সদস্য চিত্র নায়ক সোহেল চৌধুরীর ছেলে সাফায়েত আহমেদ চৌধুরী দীপ্ত, তৌহিদুল ইসলাম চৌধুরীর ছেলে জাবেদ আপগেনহাফেন।

এ ছাড়া রয়েছেন– সাবেক ডিজিএফআই প্রধান লে. জে. (অব) মোল্লা ফজলে আকবর, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. এসানুল কবির জগলুল এবং তার ভাই মাহবুবুল কবির ও তারিকুল কবির, পুলিশের উপ মহাপরিদর্শক মো. আবদুল বাতেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ।

সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মিলন, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন, সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, সাবেক সংসদ সদস্য সুবর্না মুস্তফার স্বামী বদরুল আনাম সৌদ, ১১ কোটি বাংলাদেশির তথ্য বিক্রির অভিযোগে অভিযুক্ত ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের পরিচালক ওয়াহিদুর রহমান শরিফ, প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান ও তার মেয়ে ফারজানা হাসান এবং তার স্ত্রী নাসিমা আক্তার; জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম।

এই বিভাগের আরও সংবাদ