খেলাধুলা

ডিপিএলের সপ্তম আসর শুরু মঙ্গলবার

১১টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আগামী ১৫ মার্চ পর্দা উঠবে এবারের মৌসুমের। গত আসরের মতো এবারও লিগ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আসর মাঠে গড়ানোর আগে প্রথম দুই রাউন্ডের সূচি দিয়েছে আয়োজক সিসিডিএম।

২০১৩ সালে শুরু হওয়া এই লিগের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড। গত ছয় মৌসুমের তিন আসরের চ্যাম্পিয়ন তারা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় গাজী ট্যাংক ক্রিকেটার্স। দ্বিতীয় আসরে প্রাইম ব্যাংক, তৃতীয় আসরে আবাহনী, চতুর্থ আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

এবারের আসরের প্রথম দিনে রয়েছে ৩টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়বে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জ টাইগার্স। দিনের বাকি দুটি ম্যাচে বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব এবং বিকেএসপি ৪ নম্বর মাঠে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

১৬ মার্চ প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুরে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

এই বিভাগের আরও সংবাদ