চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১.৮৩ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৩ জনে। এদিনও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ হয়নি কোন রোগীর।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৫৪৪টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা। বাকি ৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।



