রুশ হামলায় আরও ১০ জন নিহত


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেতস্ক শহরে রুশ হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রুশ বাহিনী মঙ্গলবার (৮ মার্চ) সেভেরোদোনেতস্ক শহরের আবাসিক ও অন্যান্য ভবন লক্ষ্য করে হামলা শুরু করে। তবে রুশ সেনারা কামানের গোলাবর্ষণ করেছিল কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর পৃথক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে



