দেশের তাপমাত্রা আরও বাড়বে


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আর থাকবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা একই রকম থাকলেও ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।
এদিকে গতকাল শুক্রবার রংপুর অঞ্চলে হঠাৎ ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, কাউনিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিকেলের আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি কয়েক মিনিট আঘাত হানে। শিলার আঘাতে মাটিতে মিশে গেছে অনেক কৃষকের সবুজ খেত। কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। এ রকম শিলাবৃষ্টি অনেকেই আগে দেখেনি বলে জানিয়েছেন।



