দেশজুড়ে

মোংলায় করোনার গণটিকা প্রদান শুরু

মোংলা প্রতিনিধি: ইতিমধ্যেই মোংলার প্রায় ৭০ ভাগ মানুষই করোনা টিকার আওতায় এসেছেন। এরমধ্যে শতভাগ টিকা গ্রহণের তালিকায় রয়েছেন শিক্ষা ও সরকারী প্রতিষ্ঠানগুলো। টিকা গ্রহীতাদের সংখ্যা শতভাগ নিশ্চিতে শুক্রবার থেকে শুরু হয়েছে নতুন কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় কোন ধরণের নিবন্ধন ও কাগজপত্র ছাড়াই মিলবে টিকা। শুধু কেন্দ্রে গিয়ে নিজের পরিচয় দিলেই সাথে সাথেই নিতে পারবেন করোনার টিকা।

শুক্রবার সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ পদ্ধতিতে টিকা প্রদাণ শুরু হয়েছে। এতে সাড়াও পড়েছে অনেক। কারণ টিকা নেয়ার ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই এ প্রক্রিয়ায় সচেতন ও শিক্ষিত লোকজনই এগিয়ে ছিলেন। আর যারা নিরক্ষর ও নিতান্তই দরিদ্র শ্রেণীর পেশার অসচেতন মানুষ তাদের কাছে এ নিবন্ধন প্রক্রিয়া ছিল না বুঝা ও বাড়তি ঝামেলা। তাই টিকা নিতে যখন কোন কিছুরই প্রয়োজন হচ্ছেনা তখনই ওই সকল মানুষের বড় ধরণের সুযোগের সৃষ্টি হয়েছে। সকালে হাসপাতালের গণটিকা কার্যক্রমে গিয়ে দেখা গেছে সেখানে সমাজের অবহেলিত মানুষের সংখ্যাই বেশি। কোন কাগজপত্র ছাড়াই লাইনে দাঁড়িয়ে নিজের নাম বলা মাত্র টিকা পাওয়া খুশি তারা। অনেক দেরিতে হলেও টিকা নিতে পারায় আনন্দে উচ্ছ্বসিত তারা। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়ে বাগেরহাটের চিতলমারীর মোঃ আরমান হোসেন বলেন, অনেক আগে থেকেই টিকা নেয়ার ইচ্ছা ছিলো। কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে দেয়ার সুযোগ হয়নি। এখন কাগজপত্র ছাড়াই টিকা নিয়েছি, খুব ভাল লাগছে টিকা নিতে পেরে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ সিরাজুল ইসলাম বলেন, হার্ড ইমিউনিটি গড়ে তুলতে নতুন প্রক্রিয়ায় কোন নিবন্ধন ছাড়াই গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শুক্র ও শনিবার এই দুইদিন এ টিকা দেয়া হবে। এ দুইদিনের প্রস্তুতি নিয়ে আমাদের ২০ হাজার টিকা মজুদ করা হয়েছে। বর্তমানে মোংলার ৭৫ ভাগ মানুষ টিকার আওতায় রয়েছে। আগামী দুইদিনের কার্যক্রমে তা বেড়ে ৮০ ভাগ ছাড়িয়ে যাবে। মোংলার মোট জনসংখ্যার ১ লাখ ৬৩ হাজারের মধ্যে এ পর্যন্ত এখানে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৯ হাজার মানুষ। তিনি আরো বলেন, টিকা কার্যক্রমের ক্ষেত্রে মোংলা বাগেরহাট জেলার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। আর বাগেরহাট জেলা খুলনা বিভাগের মধ্যে দ্বিতীয় অবস্থানে। এ বিভাগে প্রথমে রয়েছে মাগুরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৭০ ভাগের হার্ড ইমিউনিটি বাস্তবায়নে শুক্রবার পৌরসভার বাসিন্দাদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শনিবার ৬টি ইউনিয়নের ১৮ টি কেন্দ্রে দেয়া হবে এ গণটিকা। এর ফলে করোনা সংক্রমণের হার হ্রাস পাবে এবং হার্ড ইমিউনিটি অর্জিত হবে।

এই বিভাগের আরও সংবাদ