খেলাধুলা

মাশরাফীকে নিয়ে কথা বলতে আগ্রহী নন ডমিঙ্গো

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভিত্তি নড়ে গেছে অনেক আগেই। আগামী কয়েক মাসের ভেতর ছাঁটাইও হতে পারেন এই দক্ষিণ আফ্রিকান কোচ, এমন গুঞ্জন তো রয়েছেই। এই গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে সাবেক টাইগার কোচ জেমি সিডন্স ব্যাটিং কোচ হয়ে আসার পর। তবে বর্তমানে দলের সঙ্গে রয়েছেন চট্টগ্রামে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে চট্টগ্রামে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে ডমিঙ্গোর পিছু ছাড়ছে না পুরোনো ঘটনা। আগামীকাল শুক্রবার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে টাইগাররা।

তার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। সেখানে ডমিঙ্গোকে প্রশ্ন করা হয় মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে। ২০২০ সালে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর দলে আর বিবেচনা হননি দেশের সেরা এই অধিনায়ক।

মাশরাফী ওয়ানডে দলের বিবেচনার বাইরে থাকার পেছনে অন্যতম কারণ ধরা হয় ডমিঙ্গোকে। কোচ হয়ে আসার পর থেকে সিনিয়রদের নিয়ে খুঁত ধরার অভ্যাস দেখা গেছে নিয়মিত।

তবে এদিন ডমিঙ্গোকে জিজ্ঞেস করা হয়, মাশরাফীকে দেওয়া কফি’র দাওয়াত নিয়ে কি মন্তব্য আপনার?

এমন প্রশ্ন শুনে উল্টো প্রশ্ন ছুঁড়ে ডমিঙ্গো বলেছেন, ‘মাশরাফী কী অবসর নিয়েছে? সত্যি বলছি এই মুহূর্তে দলের বাইরে থাকা কোনো ক্রিকেটার বা কাউকে নিয়ে আমি আগ্রহী না। আগে যেমন বললাম বাইরের আওয়াজ বা মানুষ কি বলে বা লেখে, আমার জীবনে তা গুরুত্ব রাখে না। আমার ফোকাস এখন শুধুই দলে, পরিবারে এবং আমার কাজে। এর বাইরে কিছুতেই না।’

তবে সংবাদ সম্মেলন শেষে ডমিঙ্গো বলে গেছেন, ‘ম্যাশকে আমার পক্ষ থেকে হাই দিও।’

উল্লেখ্য, গত বছর একটি সাক্ষাৎকারে মাশরাফী জানিয়েছিলেন, রাসেল ডমিঙ্গো তাকে কফির দাওয়াত দিয়েছিলেন। আমি সেটার অপেক্ষায় আছি।

এই বিভাগের আরও সংবাদ