রাজনীতি

লক্ষাধিক ভোটে নারায়ণগঞ্জে জিতবেন আইভী: নানক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী লক্ষাধিক ভোটে জিতবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

নানক বলেন, গত নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী ৮৪ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবার ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবে।

নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনো কোন্দল নেই জানিয়ে দলটির এই নেতা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি উৎসব। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আইভীকে সামনে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার হয়ে কাজ করছে। দলের ভেতরে আওয়ামী লীগের প্রার্থীকে নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব, বিভক্তি নেই, মানুষ ঐক্যবদ্ধ।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেনসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ