সব ধরনের ক্রিকেট থেকে অবসরে হরভজন


সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন ভারতের অফ-স্পিনার হরভজন সিং। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের সিদ্ধান্ত জানান হরভজন। ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে টুইটারে টুইট করে হরভজন লিখেন, ‘সব ভালরই শেষ আছে। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি, যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ।’
একই সাথে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন। সেখানে তিনি বলেছেন, ‘ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিলো না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগোতে হয়। গত কয়েক বছর ধরেই আমি একটা ঘোষণা করতে চাইছিলাম। ভাবছিলাম কবে, আপনাদের সাথে এই মুহূর্তটা ভাগ করে নিবো। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিইনি।’
৪১ বছর বয়সী হরভজন আরও বলেন, ‘অনেকদিন ধরেই ক্রিকেট সাথে খুব বেশি জড়িত ছিলামনা আমি। কোলকাতা নাইট রাইডার্সের সাথে আমার দায়বদ্ধতার কারণেই আগে ঘোষণা করতে পারিনি। কিন্তু মৌসুমের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নিলাম। বাকিদের মতো আমিও ভারতের জার্সিতেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু সবার ভাগ্য সমান হয় না। কিন্তু যে দলের হয়েই আজ পর্যন্ত খেলেছি, সেই দলের জন্যই ১০০ শতাংশ দিয়েছি।’
১৯৯৮ সালের মার্চে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন হরভজন। একই বছরের এপ্রিলে ওয়ানডে ও ২০০৬ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি অভিষেক হয় তার।
জাতীয় দলের হয়ে ২০১৫ সালে সর্বশেষ টেস্ট ও ওয়ানডে এবং ২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন হরভজন।
ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট, ২৩৬ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নিয়েছেন হরভজন।





