বাড়ি ফিরছেন ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার


বিশ্বকাপের বাছাইপর্ব খেলে আসা দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হওয়ায় এতদিন তাদের আইসোলেশনে থাকতে হয়। অবশেষে করোনা নেগেটিভ হলেন দুজনই। আর সেই সুবাদে দীর্ঘ ২০ দিনের কোয়ারেন্টাইন শেষে হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার সনদ পেয়েছেন সেই দুই ক্রিকেটার। আর ইতিমধ্যে হাসপাতালও ছেড়েছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ বললেন, ‘ওমিক্রন আক্রান্ত নারী ক্রিকেটার দুজনের গতকাল মেডিক্যাল টেস্ট হয়েছে। দুজনের করোনাভাইরাস রেজাল্ট নেগেটিভ এসেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ। আজই নিজ নিজ বাড়ি ফিরে যাবেন।’
গত ১ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব খেলে দেশে ফেরে নারী দল। শুরুতে ৫ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয় তাদের। সেখানেই দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে পরীক্ষায় ধরে পড়ে ওমক্রন। পরে দুই ক্রিকেটার রাজধানীর অভিজাত একটি হোটেলে আইসোলেশন শুরু করেন। বিজয় দিবসের প্রাক্বালে তাদের নেওয়া হয় রাজধানীর মুগদা হাসপাতালে। সেখানে দুজনই করোনা নেগেটিভ হয়েছেন ১৯ ডিসেম্বর।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়। যদিও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হার কিছুটা কঠিন করে দেয় বাংলাদেশ দলের কোয়ালিফাই করার রাস্তাটা। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলে নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট পায় বাংলাদেশ নারী দল। সেটি মাঠে গড়াবে ২০২২ সালে।



