গোলশূন্য ৯০ মিনিট; টাইব্রেকারে ১৯ গোল,কালীগঞ্জে খুলনার রুদ্ধশ্বাস জয়


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনাল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মাঠজুড়ে। গোলশূন্য ৯০ মিনিটের লড়াই শেষে দীর্ঘ টাইব্রেকারে ১০-৯ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল খুলনা এস বি আলী ফুটবল একাদশ।
রোববার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খুলনা এস বি আলী ফুটবল একাদশ ও হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দলের মধ্যে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বাঁশি বাজতেই মাঠে শুরু হয় দুই দলের লড়াই। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত সময় শেষে গোলশূন্য সমতা বজায় থাকে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
স্নায়ুচাপের সেই লড়াইয়ে একের পর এক শটের পর শেষ পর্যন্ত ১০-৯ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে খুলনা এস বি আলী ফুটবল একাদশ। বিজয়ী দলের অধিনায়ক ইয়াসিন নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন টুটুল হোসেন, জালাল হোসেন, আপন ও খায়রুল ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দলীয় এই টুর্নামেন্টের খেলায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তারেক মাহমুদ, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, ওয়াসিম, লেখন সদ্দারসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্যরা।





