জাতীয়

এবার দুবাই সফরে তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আগামী বছরের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।

এটি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।

বার্ষিক এই সম্মেলন অংশগ্রহণকারী দেশগুলোকে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেয়।

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ওই আয়োজনে সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও সংবাদ