রাজনীতি

একাত্তর-নব্বইয়ের চেতনাই প্রভাবিত করেছে জুলাইকে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি বৃহত্তর গণতান্ত্রিক আদর্শের জন্য মিলনরা আত্মাহুতি দিলেও সেই গণতন্ত্র দীর্ঘ সময়েও প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। তিনি বলেন, একাত্তর ও নব্বই এর চেতনা জুলাইকে প্রভাবিত করেছিলো যদিও একটি গোষ্ঠী এখন সেই চেতনাকে মুছে ফেলতে চায়। এদিকে, বিজয় মাস উদযাপনে পহেলা ডিসেম্বর বিএনপির উদ্বোধনী সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে তার কবরে শ্রদ্ধা জানায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আয়োজিত আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদলীয়, সামরিক একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী শাসনের কবলে বারবার পড়েছে দেশ। এর পেছনে সবচে বড় কারণ, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাচ্ছে না।

পরে জাতীয় প্রেসক্লাবে শহীদ মিলন দিবসের আলোচনায় বিএনপি নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ডা. শামসুল আলম মিলনের অবদানের কথা স্মরণ করেন। এসময় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এরশাদ পতনের পরও গণতন্ত্র সুসংহত হয়নি। আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদকে তাড়াতে শেখ হাসিনার পতন ঘটাতে হয়েছে।

এদিকে, ডিসেম্বরকে সামনে রেখে বিজয়মাস উদযাপনে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক যৌথসভা করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এতে। রাজনৈতিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনার পর বিজয় দিবস উদযাপন শুরুর অংশ হিসাবে ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশের স্থান নির্ধারণ করা হয়।

বিএনপি এবং এর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতর্কমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাড়ম্বরে বিজয় মাস উদযাপনের আহ্বান জানানো হয় যৌথ সভা থেকে।

এই বিভাগের আরও সংবাদ