জাতীয়

‘ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়’

জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের (UN-Habitat) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

এই বিভাগের আরও সংবাদ

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের (UN-Habitat Headquarters) পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার (Senior Human Settlement Officer) মি. জশুয়া মুলান্দি মাভিতি (Mr. Joshua Mulandi Maviti) এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার (Associate Programme Officer) মিস হেসুং আন (Ms. Haesung Ahn)। এ ছাড়া ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট (National Programme Specialist) মিস ফারিবা আলম (Ms. Fariba Alam) উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরও সংবাদ