চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের ছোটপুল এলাকা থেকে পুলিশের সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা-পুলিশ। চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গাড়িটি উদ্ধার করা হয়। এর আগে দুপুরে পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িটি চুরি হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা সরকারি গাড়ি (সিএমপি নম্বর-১৮০) রেখে পুনাক রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর সেখানে দেখতে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান মেলেনি।

পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে যাচ্ছেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়।

পুলিশের বিশেষ অভিযানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি রুবেল (৪০) নামে একজনকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া অন্য ব্যক্তিদের এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ