দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত হচ্ছে: প্রধানমন্ত্রী


আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই মেগা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত একটি জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকার চিকিৎসা সংকটের কথা তুলে ধরে বলেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই নিম্ন আয়ের শ্রমজীবী। সেখানে সরকারি কোনো হাসপাতাল না থাকায় আধুনিক একটি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান তিনি। এ বিষয়ে গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী বরাবর দেওয়া তার ডিও লেটারের বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ওই এলাকার সন্নিকটে মুগদা মেডিকেল, ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতাল থাকলেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। তবে শুধু নতুন হাসপাতাল নির্মাণ বা শয্যা বাড়ানোই যথেষ্ট নয়; আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও পরিচালনা ব্যয়ের মতো আনুষঙ্গিক বিষয়গুলোও বিবেচনা করতে হয়।
আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী অধ্যুষিত ছয়টি এলাকায় ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে শ্যামপুরের বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।
পরে সম্পূরক প্রশ্নে ওই সংসদ সদস্য ফিজিবিলিটি স্টাডির জন্য সুনির্দিষ্ট সময় জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল। তবে বর্তমান সরকার এই অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা সংযোজন করেছে। এরই ধারাবাহিকতায় দেশের সব উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় রূপান্তরের কাজ আগামী এক-দুই সপ্তাহের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।





