বৈষম্যবিরোধী নেতা মাহদীর বাসায় পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ


হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান। এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।
ফেসবুক লাইভে মাহদী বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রল বোমাজাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।’
আজ শনিবার সকালে মাহদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পেট্রল বোমার কোনো বোতল আশপাশে পাওয়া যায়নি। আমার বোন আগুন দেখে চিৎকার দিলে আমি ঘুম থেকে উঠি। এ সময় আনোয়ার চাচার বিদ্যুৎ মিটারে আগুন দেখতে পাই। এ সময়ও আমাদের বাড়ির চালে দুইবার কে বা কারা ঢিল ছোড়ে।’
এদিকে, মাহদী হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, ‘পেট্রল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। মাহদি হাসানের বাড়ি থেকে ২০ থেকে ৩০ ফুট দূরে তার চাচা আনোয়ার আলীর বাড়িতে বিদ্যুৎচালিত টমটমে চার্জ দেওয়া হয়। ওই বাড়ির একটি বিদ্যুতের মিটার সম্ভবত শর্টসার্কিটের কারণে পুড়ে গেছে। মাহদী এ ঘটনাটিকে পেট্রল বোমা নিক্ষেপ বলে দাবি করছেন।’
ওসি আরও বলেন, ‘মূলত চাচার বাড়িতে আগুন দেখতে পেয়ে মাহদি নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তার বাসায় পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।’




