খুলনায় বিজ্ঞান উদ্ভাবনে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, গুরুত্ব পেল বাস্তব সমস্যার সমাধান


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প নিয়ে খুলনায় হাজির হয়েছেন শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্ব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমাজের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর বিজ্ঞানভিত্তিক সমাধানের নানা ধারণা তুলে ধরেন। প্রকল্পগুলোতে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের চিন্তা ও প্রযুক্তির ব্যবহার গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চিকিৎসা, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মানুষের জীবনমান পরিবর্তনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, প্রকৌশল শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং খুলনাঞ্চলে শিল্প পুনরুজ্জীবনে গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।





