সিরাজগঞ্জ

শাহজাদপুরে যানজট নিরসনের চেষ্টায় প্রশাসন, সাধুবাদ জানান পৌরবাসী

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহজাদপুর শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে। এর সঙ্গে সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা এবং অতিরিক্ত রিকশা-ভ্যান চলাচলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই বিভাগের আরও সংবাদ

এ পরিস্থিতিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ, সড়কের জায়গা দখলমুক্ত রাখা এবং চালক ও পথচারীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শাহজাদপুর শহরকে যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে নিয়মিতভাবে অভিযান ও তদারকি করা হচ্ছে। তবে যানজট নিরসনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; চালক, ব্যবসায়ী, পথচারী ও সাধারণ নাগরিকদেরও আইন মেনে চলতে হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের চলমান উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শাহজাদপুর শহরের যানজট অনেকটাই কমে আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়ক ব্যবস্থাপনা উন্নত করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের চলমান কার্যক্রম ও জনসচেতনতা একসঙ্গে জোরদার করা গেলে ধীরে ধীরে শাহজাদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

এই বিভাগের আরও সংবাদ