আরআরএফ স্কুলে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সেকেন্ডারি স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক শাখায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরআরএফ খুলনার কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাতেম আলী (পিপিএম-সেবা)। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রুমানাই ইয়াসমিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. আবু জাফর সরদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আলী হামজা, বোরহান উদ্দিন ও নুরানী শায়লা। এ ছাড়া শিক্ষক মো. বিল্লাল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ফারজানা আক্তার জ্যোতি ও ইসরাত জাহান অনন্যা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা. মাকসুদা কাজী, মো. মহিউদ্দিন, সুবর্ণা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাতেম আলী বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ সাফল্যের পথ সুগম করে। কৃতী শিক্ষার্থীদের অর্জন অন্যদেরও অনুপ্রাণিত করবে। তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





