কামারখন্দে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ দিনমজুরের


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত ব্যক্তির সঙ্গে থাকা দুটি পরিষ্কার খাবারের বাটি, কিছু জামাকাপড়, দাঁত মাজার মাজন ও একটি সরিষার তেলের বোতল পাওয়া গেছে। এসব সামগ্রী দেখে স্থানীয়দের ধারণা, তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





