জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার


জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট (CNA) অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (GIU) ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬–জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।
পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত এককালীন প্রশিক্ষণের পরিবর্তে কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।
সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ (CNA) উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এ ছাড়া বক্তব্য দেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



