ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে সরানোর উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার


ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া ৯০ দিনের বেশি সামরিক অভিযান চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। এ বিষয়ে চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি করাতে চান তিনি।
সোমবার প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব আনেন ম্যাসি। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাবটি নিয়ে পদক্ষেপ নিতে হবে আইনপ্রণেতাদের। তারা সরাসরি ভোট দিতে পারেন, কমিটিতে পাঠাতে পারেন অথবা প্রস্তাবটি আপাতত স্থগিত রাখতে পারেন।
ম্যাসির এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। কারণ, আগামী জানুয়ারি পর্যন্ত কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। তবে ম্যাসি বলছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতা নেওয়ার আগেই হেগসেথকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ তৈরি করাই তার লক্ষ্য।
ম্যাসি বলেন, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা হেগসেথের বিরুদ্ধে শুনানি ও বিচারপ্রক্রিয়া শুরু করতে পারে। তার উদ্যোগ সেই পরিস্থিতির তুলনায় অনেক সহজ পদক্ষেপ।
তবে হেগসেথ এই উদ্যোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তার নেতৃত্ব কার্যকর বলেই বিরোধীরা তাকে আক্রমণ করছে। ট্রাম্পও হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তার কাজের প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রে মন্ত্রিসভার কোনো সদস্যকে অভিশংসনের ঘটনা খুবই বিরল। প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলে সিনেটে বিচার হবে। সেখানে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
ম্যাসি নিজেও পুনর্নির্বাচনে হেরে গেছেন। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর তিনি নতুন করে এই উদ্যোগ নিয়েছেন।
সূত্র: বিবিসি



