মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলার অভিযোগ পরীমণির


রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। গতকাল রোববার মধ্যরাতের ওই অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।
রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। তার অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত। অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন।
পরীমণি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মুডে আওয়াজ তুললো।’
অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন জানিয়ে এই নায়িকা বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।
তার অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।
লাইভে পরীমণি বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে?’
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমণি বলেন, তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
স্টল ভাঙচুরের অভিযোগ করে এই নায়িকা বলেন, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে?’
পরীমণি আরও বলেন, ‘আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বোঝাপড়া করুক।’
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’
পরীমণির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমণি সুস্থভাবে ফিরে গেছেন।’
এ সময় শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার এর শেষ দিন ছিল বলেও জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
উল্লেখ্য, দিন কয়েক আগে একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমণি।



