অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো


যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন।
গত ৬ নভেম্বর এ নিয়োগের ঘোষণা দেয় ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট। এর মাধ্যমে সাবেক এই কানাডীয় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হলেন।
এ নেটওয়ার্কের সদস্যদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের মূল উদ্দেশ্য হলো সাবেক সরকারপ্রধানদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থী, গবেষক এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে বিনিময়ের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে বিশ্বজুড়ে সুশাসন, নেতৃত্ব ও জননীতি বিষয়ে আলোচনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা এক দশক কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাস্টিন ট্রুডো। নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থী ও অন্যান্য বিশ্বনেতার সঙ্গে সরকার পরিচালনা, আন্তর্জাতিক সম্পর্ক এবং জননীতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
ট্রুডো জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি অন্যান্য নেতার দৃষ্টিভঙ্গি জানার এবং ভবিষ্যৎ প্রজন্মের নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করার সুযোগকে তিনি গুরুত্ব দিচ্ছেন। পরিবর্তনশীল বিশ্বে সরকার কীভাবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তা নিয়েও কাজ করতে আগ্রহী তিনি।
এদিকে, চলতি নভেম্বরের শেষ দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট পরিদর্শনের কথা রয়েছে ট্রুডোর। সেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।



