জাতীয়

মজুরি বৃদ্ধির আশ্বাস: কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

টানা কয়েকদিনের উত্তেজনা ও সংঘর্ষের পর অবশেষে কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সম্মতি জানানোর পর আজ রোববার সকাল থেকে কলকারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। এতে অচলাবস্থা কাটিয়ে শিল্পাঞ্চলটিতে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, ভবানীপুর ও বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানায় শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন। আন্দোলন পরিহার করে শ্রমিকরা সন্তোষজনক পরিবেশে কাজে ফেরায় কারখানার চাকা আবার সচল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা ২০২৪ সালের জানুয়ারি মাসে বর্ধিত বেতন হাতে পাবেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অসন্তোষ ঠেকাতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের সদস্যরা মহাসড়ক ও কারখানা এলাকার প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরাও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন।

কারখানা কর্তৃপক্ষ ও সাধারণ শ্রমিকরা জানান, মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। উৎপাদন স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাতে।

এই বিভাগের আরও সংবাদ