কুষ্টিয়া

কুষ্টিয়ায় দৈনিক দিনের খবরের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের রোজ হলিডে পার্কে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দৈনিক দিনের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মাহতাব উদ্দিন লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আল মামুন সাগর, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপন, দৈনিক আন্দোলনের বাজার-এর সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক দিনের খবরের পরিচালনা পর্ষদের উপদেষ্টা এসএম কাদেরী শাকিল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সাংবাদিক মিজানুর রহমান লাকী, পত্রিকাটির সভাপতি সাব্বির মোহাম্মদ কাদরী সাব্বু, টুয়েন্টি ফোর চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক খবরওয়ালার সম্পাদক শাহীন আহমেদ জুয়েল এবং এনটিভির প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার। এতে কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
আলোচনা সভা শেষে দৈনিক দিনের খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রয়াত রিয়াজ ফেরদৌস জিল্লুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থা অর্জন করতে হয়। তাঁরা বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকতার মূল আদর্শ ও নৈতিকতা সমুন্নত রাখা জরুরি। দৈনিক দিনের খবর প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় জনপদের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, একটি পত্রিকার দীর্ঘ পথচলার পেছনে পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। তাঁরা দৈনিক দিনের খবরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পত্রিকাটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থার জায়গা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ