খুলনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী চট্রগ্রামে গ্রেপ্তার


খুলনা ব্যুরো : খুলনার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ আভিযানিক দল।
৫ নভেম্বর ( বৃহস্পতিবার) রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-৭-এর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত জসিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকায়। তার বাবার নাম হোসেন আলী।
গণমাধ্যমে প্রেরিত এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানায় জাহাঙ্গীর হত্যা মামলাটি দায়ের করা হয়। উক্ত মামলায় আদালত জসিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক ছিলেন।
অবশেষে গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে চট্টগ্রামের সলিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।


