ফুটবল

হারের দুঃখ ভুলতে আলাভেসের জালে হাফ ডজন গোল দিলো বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে ‘এল ক্ল্যাসিকো’ হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। শনিবার ন্যু ক্যাম্পে রাফিনিয়া ও লামিনে ইয়ামালের জোড়া গোলে আলাভেসের বিপক্ষে কাতালান জায়ান্টদের জয় ৬-১ ব্যবধানে।

বার্সার কোচ হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যান্সি ফ্লিকের শততম জয় রাঙ্গাতে এদিন ঘরের মাঠে শুরু থেকেই গোল উৎসবে মাতে কাতালান জায়ান্টরা। অস্টম মিনিটে অধিনায়ক রফিনিয়া বক্সের ভেতর ফের্মিন লোপেসের পাস পেয়ে গোলের সূচনা করেন। ২৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস।

৪১ মিনিটে রাফিনিয়া চলতি আসরে তার সর্বোচ্চ গোল সংখ্যা ১৫-তে নিয়ে ব্যবধান আরও বাড়ান। এবার লোপেসের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই অর্ধের যোগ করা সময়ে ১৯ বছরের ইয়ামাল স্কোরলাইন ৪-০ করেন। অ্যাসিস্ট ছিলেন জোয়াও কান্সেলো।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রেখে আরও দুই গোল আদায় করে স্বাগতিকরা। ৬৪ মিনিটে ইয়ামাল চলতি লিগে তার দশম গোল করার পর ৮১ মিনিটে অ্যান্থনি গর্ডন প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন। ৮৪ মিনিটে আলাভেসের মারিয়ানো দিয়াস একটি গোল শোধ দেন।

১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২ আর রিয়াল মাদ্রিদকে ৬ পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা।

এই বিভাগের আরও সংবাদ